সিলেট সীমান্তে ভারতফেরত তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পর এক তরুণীকে প্রায় ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাঈম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাঈম কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া গ্রামের আবদুর রহমান ডালুর ছেলে।
পুলিশ জানায়, শেরপুরের ওই তরুণী প্রায় নয় মাস আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে হায়দরাবাদে অবস্থান করছিলেন। সেখানে তিনি কাপড়ের ব্যবসা করতেন। গত ২০ আগস্ট জাহাঙ্গীর নামের এক মামার সহায়তায় তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে ও তাঁর মামা জাহাঙ্গীরকে আটক করে। পরে ওই তরুণীর কান্নাকাটির কারণে তাঁকে কারাগারে না পাঠিয়ে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
পুলিশের ভাষ্য, ওইদিন রাতে বাংলাদেশে প্রবেশের পর দনা পাত্তিছড়া গ্রামের শানুর আহমদ (৩০), নাঈম উদ্দিন (২২), কাওছার আহমদ (৩০), দনা রাঙ্গিছড়া গ্রামের হুসাইন আহমদ (২৪), রিয়াজ উদ্দিন (৩০) এবং দনা রাতাছড়া গ্রামের ইকবাল আহমদের (২৮) সঙ্গে ওই তরুণীর দেখা হয়। তারা তাঁকে নিজ বাড়ি শেরপুরে পৌঁছে দেওয়ার কথা বলে শানুরের বাড়িতে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, সেখানে তাঁকে প্রায় ১০ দিন আটকে রেখে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযুক্তরা ধর্ষণ করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম মেম্বারের সহায়তায় ভুক্তভোগী তরুণী মুক্ত হন। এরপর বুধবার (২ সেপ্টেম্বর) তিনি কানাইঘাট থানায় মামলা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নাঈমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করা তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: