শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, আটক ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক জোনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে হাইওয়ে পুলিশ। নিহত মান্নান উপজেলার আশীদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২৪-৬৮৯৭) দ্রুতগতিতে যাওয়ার সময় একটি টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর এক পা মারাত্মকভাবে জখম হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: