বিশ্বমঞ্চে যাচ্ছেন সিলেটের যুধিষ্ঠির, তুলে ধরবেন হাওরাঞ্চলের কথা

বিশ্বমঞ্চে যাচ্ছেন সিলেটের যুধিষ্ঠির, তুলে ধরবেন হাওরাঞ্চলের কথা

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

০৭/১১/২০২৬ ১৬:০২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সন্তান যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনে সিলেট বিভাগের প্রথম তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তিনি। তরুণ জলবায়ুকর্মী যুধিষ্ঠির Young Climate Action Network (YOUCAN)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।

যুধিষ্ঠির বর্তমানে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক। ২০১৯ সাল থেকে সংগঠনটির সঙ্গে যুক্ত তিনি। এর আগে আন্তর্জাতিক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা অর্জনে সংগঠনটির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

যুধিষ্ঠির বলেন, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব থেকেই তাঁর নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদারের দিকনির্দেশনা ও সহযোগিতা তাঁর এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা বিকাশের লক্ষ্যেই উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব কাজ করছে। যুধিষ্ঠিরের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো সংগঠনটির সেই উদ্যোগের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ।

যুধিষ্ঠির জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা গ্রুপের (UN Youth Advisory Group) দুই মেয়াদে সদস্য ছিলেন। এ ছাড়া Mock COP Bangladesh-এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং Commonwealth Youth Climate Change Network-এর মেম্বারশিপ লিড হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতিসংঘ বাংলাদেশের Youth as Researchers (YAR) কার্যক্রমের সঙ্গেও যুক্ত। জলবায়ু ও যুব উন্নয়নবিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে দেশি-বিদেশি নীতিনির্ধারক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

এদিকে, ২০২৬ সালের ৮ থেকে ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় জাতিসংঘের পানি সম্মেলনের Youth Organising Committee-তে নির্বাচিত হয়েছে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন YOUCAN। পানি নিরাপত্তা, টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংগঠনটি কাজ করছে।

COP31-এ যুধিষ্ঠিরের অন্যতম লক্ষ্য বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর বাস্তবতা আন্তর্জাতিক নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা। বিশেষ করে সিলেটের হাওরাঞ্চলে আগাম বন্যা, ফসলহানি, কৃষি ও মৎস্যসম্পদের ক্ষতি এবং পানি ব্যবস্থাপনার সংকট নিয়ে আলোচনা করতে চান তিনি।

যুধিষ্ঠির বলেন, বাংলাদেশের হাওর, নদী, উপকূল ও জলাভূমির মানুষের বাস্তবতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরা জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং জাতীয় স্বার্থকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করাই তাঁর লক্ষ্য।

COP31-এ জলবায়ু অভিযোজন, অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, জ্বালানি রূপান্তর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিয়ে তরুণদের অবস্থান তুলে ধরার প্রত্যাশা করছেন তিনি। স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুরু হওয়া যুধিষ্ঠিরের এই আন্তর্জাতিক যাত্রা হবিগঞ্জসহ সিলেট বিভাগের তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad