সিলেটে মধ্যরাতে উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

সিলেটে মধ্যরাতে উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১১/২০২৬ ১১:৪৬:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং নির্ধারিত সময়ে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে মধ্যরাতে উন্নয়নকাজ পরিদর্শনে গিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেন। 

জানা গেছে, রাত ১২টার দিকে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর কুশিঘাট এলাকায় উপস্থিত হন। সেখানে আধুনিক প্রযুক্তির এসফল্ট ব্যবহার করে চলমান সড়ক সংস্কার ও কার্পেটিং কাজের প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রতি কঠোর নির্দেশনা দেন। এ সময় মন্ত্রীর সাথে সিসিকের শীর্ষস্থানীয় প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তিনি জানান, সরকারি কাজের ক্ষেত্রে কোনোভাবেই মানের সাথে আপস করা চলবে না। নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান বজায় রেখেই কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক করতে খুব শীঘ্রই সিলেটে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।’

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘সিলেটকে আধুনিক পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক বদ্ধপরিকর। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমরা নগরীর প্রতিটি ওয়ার্ডে মানসম্মত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। রাতের বেলায় এই আকস্মিক পরিদর্শন কাজের গতিশীলতা ও স্বচ্ছতা আরো বাড়িয়ে দেবে।’

কুশিঘাট এলাকার কাজ পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী নগরীর অভিজাত এলাকা উপশহরে যান। সেখানে এসফল্ট দিয়ে সম্পন্ন হওয়া নবনির্মিত সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের চলমান কাজ ঘুরে দেখেন। রাতের আলোয় রোড মার্কিংয়ের নিখুঁত ও মানসম্মত কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নগরবাসীর যাতায়াত নিরাপদ করতে এ ধরনের কাজ আরো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।

গভীর রাতের এই আকস্মিক পরিদর্শনে মন্ত্রীর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ বিভিন্ন দফতরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এমন ব্যক্তিগত তদারকি ও ত্বরিত দিকনির্দেশনা সিলেটের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান রক্ষা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad