চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বৈষ্ণভি
টি-টোয়েন্টি ক্রিকেটে চার বলে চার উইকেট নেওয়া সহজ কোনো ঘটনা নয়। বিরল এই কীর্তি এবার গড়েছেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। ভারতের উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আলোচনায় এসেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
ম্যাচে নিজের চার ওভারে মাত্র ২২ রান খরচায় ৬ উইকেট তুলে নেন বৈষ্ণভি। তার এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন হুমায়রা কাজী।
ম্যাচের প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন বৈষ্ণভি। তবে তার সেরা চমকটি জমা ছিল শেষ ওভারের জন্য। ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথমে ৬ রান দেন তিনি। এরপরই বদলে যায় পরিস্থিতি। পরপর তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্পিনার। ওভারের শেষ বলেও উইকেট নিয়ে চার বলে চার শিকারের অনন্য কীর্তি গড়েন।
আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈষ্ণভি। গত বছরের ডিসেম্বরে ভারতের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। এসব ম্যাচে ওভারপ্রতি ৬.২৬ রান দিয়ে তার শিকার পাঁচ উইকেট।
ওয়ানডেতেও দারুণ ছন্দে রয়েছেন এই তরুণ। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে মাত্র দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৯ উইকেট।
২০২৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে মালয়েশিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি। ওই টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্বও তার। ম্যাচটিতে চার ওভার বল করে মাত্র ৫ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন বৈষ্ণভি। পুরো আসরে ১৭ উইকেট নিয়ে হন সর্বোচ্চ উইকেটশিকারি।
ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সংস্করণেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন এই স্পিনার। ২০২৪-২৫ মৌসুমের সিনিয়র উইমেনস মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে এক ইনিংসে ৫০ রানে ৮ উইকেট এবং পুরো ম্যাচে ১২৮ রানে ১৪ উইকেট শিকার করেন তিনি। ভারতীয় নারী ক্রিকেটে এক ইনিংস ও এক ম্যাচে বোলিংয়ের এই পরিসংখ্যানও তাঁর অন্যতম বড় অর্জন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: