জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ফেনসিডিল জব্দ
সিলেটের জৈন্তাপুর সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব মাদকদ্রব্যের সর্বমোট সিজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিপরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের সিজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
একই রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংলিবিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের সিজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের সর্বমোট সিজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম বাবু / মীর্জা ইকবাল
মন্তব্য করুন: