সিলেটে হঠাৎ ডাকাত আতঙ্কের ছায়া: ২ দিনে ৩ ঘটনা

লুট ও পুলিশের ওপর হামলাসহ গ্রেপ্তার ৪

সিলেটে হঠাৎ ডাকাত আতঙ্কের ছায়া: ২ দিনে ৩ ঘটনা

তাহির আহমদ

১৮/০৮/২০২৬ ১৯:৩৫:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগজুড়ে হঠাৎ করেই উদ্বেগজনকভাবে বেড়ে গেছে ডাকাত দলের তৎপরতা। গত দুই দিনের ব্যবধানে মৌলভীবাজার ও সিলেট জেলার তিন স্থানে পৃথক ডাকাতি, সশস্ত্র হামলা ও ডাকাতির প্রস্তুতির খবর পাওয়া গেছে। এর মধ্যে জকিগঞ্জে এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে ঘরের দরজা ভেঙে মালামাল লুটের ঘটনা ঘটেছে। অন্যদিকে, শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গোয়াইনঘাটে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার সময় টহল পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়েছে দুর্বৃত্তরা। একের পর এক এসব ঘটনায় সিলেটজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ১৩ লাখ টাকার মালামাল লুট

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। একদল সশস্ত্র ডাকাত কেচিগেট ও দুটি দরজার তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে আব্দুল মন্নানসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং বেধড়ক মারধর করে।

লুটপাটের শিকার আব্দুল মন্নান জানান, ঘরের ভেতরের ৭ জন এবং বাইরে পাহারায় থাকা আরও কয়েকজন মিলে তল্লাশি চালিয়ে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। আহত ইউপি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের তৎপরতায় পণ্ড হয়ে গেছে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৩টা ১০ মিনিটে বিরাহিমপুর জোড়াপুল এলাকার এক গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এক আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, একটি কালো রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫) সমবেত হয়ে তারা কলেজ রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশ গাড়িটি ব্যারিকেড দিয়ে চারজনকে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু, ধারালো দা-চাকু, লোহার শাবল ও স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল মিয়া (২৬), সোহেল মিয়া (২৩), জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)। সিডিএমএস যাচাই করে দেখা যায়, রাসেল ও জুয়েলের বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি ও মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাটে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, পুলিশের ওপর ইটপাটকেল

এর আগে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ছতি গ্রাম এলাকায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা রাতের আঁধারে পালিয়ে যায়। পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলছে বলে জানানো হয়েছে।

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সিলেট বিভাগের একাধিক স্থানে গাছ ফেলে ব্যারিকেড, পুলিশের ওপর হামলা এবং বসতবাড়িতে লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে বিভাগের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোতে নৈশ টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

তাহির আহমদ/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad