আজ সিলেট সফরে আসছেন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে সিলেটে আসছেন সরকারের দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। তাঁরা হলেন—স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
স্বাস্থ্যমন্ত্রীর সফরসূচি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৭টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেলা ১১টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন। চিকিৎসকদের সময়মতো হাসপাতালে না আসা এবং নির্দিষ্ট সময়ের আগেই চলে যাওয়া নিয়ে নানা আলোচনার মধ্যে হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, অবকাঠামোগত অবস্থা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে তাঁর এই সফর। অপরাহ্ন ৪টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে তাঁর সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
বাণিজ্যমন্ত্রীর সফরসূচি
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS531) একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। পরিদর্শন শেষে দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS536) বিমানে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরসূচি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সিলেটে আসছেন হুমায়ুন কবির। সফরসূচি অনুযায়ী, বাদ জুমআ তিনি হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন। পরবর্তীতে বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরউদ্দিন আহামেদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পৃথক সরকারি সফরসূচিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: