র্যাব-বিজিবির যৌথ অভিযান
সিলেটে ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও বিজিবির যৌথ অভিযানে সিলেট নগরী থেকে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে, সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও কসমেটিকস বহন করা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে আভিযানিক দলটি টিলাগড় এলাকায় সন্দেহভাজন কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করে। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল আনলোড করে চলে যাওয়ার চেষ্টা করলে র্যাব ও বিজিবির সদস্যরা সেটিকে আটক করেন।
পরে কাভার্ড ভ্যানের চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সুরমা আবাসিক এলাকার ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার ৬৩০টি ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০০টি ভারতীয় শাড়ি, ৮০টি ACNASOPT ফেসওয়াশ, ১০০টি KETODERM শ্যাম্পু, ২৯টি GLUSTER সিরাম, ১ হাজার ২৯০ বোতল CODL সিরাপ এবং ৪৯৭ বোতল BONZVA সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার)এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সাইফুল ইসলাম বাবু / অথৈ
মন্তব্য করুন: