বালাগঞ্জে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও বিনষ্ট
সিলেটের বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের দিনব্যাপী অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে বালাগঞ্জ সদর ইউনিয়নের করচা বিল ও উলুখাড়া বিলের আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়। সেখান থেকে দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ‘কিরণমালা’ চাঁই জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধার করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস এবং বালাগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এই আদালত শেষে ইউএনও মেরিনা দেবনাথ বলেন, যারা নিষিদ্ধ জাল ব্যবহার করেন, তারা দেশ ও জাতির শত্রু। দেশীয় প্রজাতির ছোট মাছ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: