সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৯৯
সিলেটে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
মারা যাওয়া শিশুরা হলো, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকার আলী হোসেনের ৭ মাস বয়সী ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা বাগানের রাজনের ১০ মাস বয়সী মেয়ে কৃষ্ণা রাজন এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা এলাকার মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নিহাদ আহমদ। এর মধ্যে কামরুল ও কৃষ্ণা এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহাদ আহমদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৩৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮২ জন, সিলেটে ১৭৫ জন, হবিগঞ্জে ৫৫ জন এবং মৌলভীবাজারে ২২ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জনসহ বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে রোগী ভর্তির হার উদ্বেগজনক। চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বিভাগে হামে আক্রান্ত হয়ে ৯৮ শিশু ও একজন নার্সের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আর আর
মন্তব্য করুন: