ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর জন্মবার্ষিকী উপলেক্ষ্য সিলেটে সাহিত্য আড্ডা
বিশিষ্ট ছড়াকার ও দক্ষ সাহিত্য সংগঠক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে এক বিশেষ সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ (সাবেক মা কমিউনিটি সেন্টার) ‘অনাবিল ১১২, ব্লক-সি’-তে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এবং স্বদেশ ফোরাম সিলেটের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি পুলিন রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুফিয়ান আহমদ চৌধুরীর সুখ্যাতি আজ দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। তিনি মূলত লেখক সৃষ্টির একজন সুদক্ষ কারিগর। তাঁর অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় আজ অসংখ্য তরুণ লেখক সাহিত্য অঙ্গনে তুমুলভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও দেশমাতৃকা ও জন্মভূমির গভীর টানে তিনি নিরলসভাবে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। তিনি সত্যিকার অর্থেই একজন সাদা মনের মানুষ, যাঁর অস্থিমজ্জায় মিশে আছে সাহিত্য ও সংগঠন।
কবি কামাল আহমদের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক কবি এম. আলী হোসেইন। এরপর ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল এবং বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন।
সাহিত্য আড্ডায় সুফিয়ান আহমদ চৌধুরীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে এবং নিজেদের স্বরচিত লেখা পাঠ করে আরও অংশ নেন কবি মো. আব্দুল মালিক, কবি মামুন সুলতান, কবি গোপেশ চন্দ্র সূত্রধর, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি রনবিজয় চক্রবর্তী, কবি জান্নাত আরা খান পান্না, কবি শেখর চন্দ্র বোধ, কবি ফাতেহা বেগম, ইমন আহমেদ অপু, তানজিনা আক্তার, শামীমা আক্তার মাহা ও প্রপা স্পর্শিয়া ইস্ক্রা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ছড়াকার ও সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুদৃঢ় সাহিত্যিক ভবিষ্যৎ কামনা করেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: