জৈন্তাপুরে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরাসহ পিকআপ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এবং ৪৮ বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি জিরা ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) র্যাব-৯, সদর দপ্তর সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। তবে অভিযান চলাকালে এসব চোরাচালানি পণ্যের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা জিরা ও পিকআপ জব্দ তালিকাসহ ৪৮ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম বাবু / অথৈই
মন্তব্য করুন: