জকিগঞ্জে যাতায়াতের রাস্তা দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জকিগঞ্জে যাতায়াতের রাস্তা দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৪/০৭/২০২৬ ২২:৪২:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত এলাকায় শতবর্ষী যাতায়াতের রাস্তা দখল, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করে ঘর নির্মাণ, হামলা, পাল্টা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এক ভুক্তভোগী পরিবার।


মঙ্গলবার (১৪ জুলাই) জকিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়বান বিবির পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সুহাদা বেগম।


লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রায় শতবর্ষ ধরে তাঁদের পরিবারসহ একাধিক পরিবার যে যাতায়াতের রাস্তা ব্যবহার করে আসছে, সেই রাস্তা জকিগঞ্জ পৌরসভা সরকারি অর্থায়নে ইট সলিং করে। সম্প্রতি জয়বান বিবির বড় ছেলে ফারুক আহমদ ওই সরকারি রাস্তার একটি অংশ দখল করে ইট অপসারণের মাধ্যমে ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ করা হয়। এতে দীর্ঘদিনের চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে মাত্র এক হাত জায়গা দিয়ে কয়েকটি পরিবারকে চলাচল করতে হচ্ছে।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রাস্তার ওপর স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় আব্দুল জলিল, ফয়জুল হক, কইতর বিবিসহ সহ-শরিকদের ভয়ভীতি প্রদর্শন ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরে বিষয়টি নিয়ে জকিগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অভিযোগ অনুযায়ী, এরপরও অবৈধ নির্মাণকাজ বন্ধ হয়নি এবং রাস্তা দখলমুক্ত করা হয়নি।


লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৫ মে বিকেলে ফারুক আহমদ, জুবের আহমদ, আবুল কালাম, হোসনা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আব্দুল জলিল, ফয়জুল হক, নাজমা বেগম ও জয়বান বিবির ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন। আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত আব্দুল জলিলকে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় জকিগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষ একই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা মামলা করে। ওই মামলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না—এমন কয়েকজনকেও আসামি করা হয়েছে। যদিও পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জামিনের পর থেকে প্রতিপক্ষ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও মানসিক হয়রানি করে আসছে। সম্প্রতি পৌরসভার সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাঁর সামনেও অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

এ সময় ভুক্তভোগী পরিবার শতবর্ষী যাতায়াতের রাস্তা দখলমুক্ত করা, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, ৫ মে'র হামলার বিচার, উভয় পক্ষের অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে থানায় দায়ের করা অভিযোগের কপি, চিকিৎসা-সংক্রান্ত নথি, পৌরসভার প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগ, রাস্তা দখল ও নির্মাণকাজের আলোকচিত্র, বাটোয়ারানামা, ভূমি-সংক্রান্ত দলিল এবং ভিডিওচিত্রসহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করা হয়।


মোর্শেদ লস্কর /সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad