কোম্পানীগঞ্জের উৎমাছড়া থেকে এক লাখ ঘনফুট পাথর জব্দ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া পর্যটনকেন্দ্র সংলগ্ন লিজবহির্ভূত পাথর কোয়ারি এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ ঘনফুট অবৈধভাবে মজুত করা পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে উৎমাছড়া পাথর কোয়ারির বনপুর, আদর্শ গ্রাম ও মাঝেরগাঁও বিজয়পাড়ুয়া এলাকা থেকে মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
এর মধ্যে বনপুর এলাকা থেকে ৯৩ হাজার ৭৯০ ঘনফুট এবং মাঝেরগাঁও বিজয়পাড়ুয়া এলাকা থেকে ৬০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা পাথর আপাতত স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে এসব পাথর বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, পাথর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন সম্পদ। তাই যথাযথ অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে না পারে, তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হলেও কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পাথর স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়েছে এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি বলেন, সাদা পাথর, উৎমা, শারপিনসহ বিভিন্ন এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং খনিজ সম্পদ রক্ষায় বিভাগীয় অভিযান অব্যাহত থাকবে।
সোহেল রানা/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: