জৈন্তাপুরে অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা

জৈন্তাপুরে অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৩/০৭/২০২৬ ২০:২১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায়  মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন, অনলাইন জুয়া ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে এক জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে ২নং বিটের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত এলাকার খাশিয়া সম্প্রদায়, চা-বাগানের নারী-পুরুষ শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মানবপাচার ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত প্রশাসন ও পুলিশের কাছে জানানোরও অনুরোধ করেন তিনি।

তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলা সবুজে ঘেরা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জনপদ। প্রকৃতির এমন কোন সৌন্দর্য বাকি নেই যা জৈন্তাপুরে নেই। কিন্তু জলন্ত প্রদীপের নিচে অন্ধকার থাকে। জৈন্তাপুর উপজেলাকে সেই অন্ধকার অবস্হায় কখনও নিমজ্জিত হতে দেয়া যাবে না। তাই অন্ধকার অংশে নয় বরং জৈন্তাপুরের পরবর্তী প্রজন্মকে প্রদীপের আলো যেখানে প্রজ্জ্বলিত থাকে সেই দিকে ধাবিত করতে সকলকে কাজ করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মাদক, চোরাচালান, মানবপাচার কিংবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরো বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উছমান গনি,  ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাসিম সুন্দই এবং বর্তমান ইউপি সদস্য রাজু সিং।

স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন খাশিয়া কমিউনিটির নেত্রী আইরিন খাসিয়া। এ সময় কমিউনিটি নেতা টেম লানং, কা মিন খাশিয়া ও ডিবেনসন সহ খাশিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিজস্ব কৃষি পন্য পান সুপারী সুষ্ঠুভাবে বাজারজাত করনে যে কোন প্রকার হয়রানি রোধে প্রশাসনের সহায়তা কামনা করেন। পাশাপাশি   সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভা পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক  উৎসব কর্মকার। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জিয়াউর রহমান।

সভায় বক্তারা আরো জানান, স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় আগামী ১ আগস্টের আগে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে ধারাবাহিক জনসচেতনতামূলক সভার অংশ হিসেবে আজকের মত আগামী দুই সপ্তাহ বিট পুলিশিং সহ স্হানীয়দের নিয়ে সীমান্তবর্তী এলাকায় আরো জনসচেতনতা মুলক সভার আয়োজন করা হবে।

সাইফুল ইসলাম / সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad