জৈন্তাপুরে মাদক নির্মূলে ৫ দফা দাবিতে ইউএনওকে স্মারকলিপি

জৈন্তাপুরে মাদক নির্মূলে ৫ দফা দাবিতে ইউএনওকে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৩/০৭/২০২৬ ১৪:২০:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন 'মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর'।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জৈন্তাপুর উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকের ভয়াল ছোবলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, যার ফলে সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। মাদকাসক্তি ও মাদক ব্যবসার কারণে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে জৈন্তাপুরকে মাদকমুক্ত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবি হলো:

১. মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা। ২. মাদক বিক্রয়, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা। ৩. শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি করা। ৪. নিয়মিত মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা। ৫. প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-উলামা ও সামাজিক সংগঠনের সমন্বয়ে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহণ।

স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, “মাদক সংশ্লিষ্টতায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুজাম্মিল হেলালী, সভাপতি ফরহাদুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাইফুল ইসলাম বাবু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad