আজ দায়িত্ব নিচ্ছেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
সিলেটে নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। এমন তথ্য নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন প্রথম সিলেটকে বলেন, রবিবার (১২ জুলাই) রাতেই তিনি সিলেটে আসবেন বলে জেনেছিলাম। তবে রাতে না পৌছায় হয়তোবা আজ সোমবার যে কোন সময়ে সিলেটে আসতে পারেন এবং সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বুঝে নেবেন। তিনি যোগদানের পূর্ব পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে সিলেট জেলা প্রশাসকের (ডিসি) পদে মাত্র ১৮ দিনের ব্যবধানে চারজন কর্মকর্তাকে পদায়ন করা হলেও এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। গত ২১ জুন ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রথমে কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যান এবং পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সূত্র জানায়, তিনি ১২ বা ১৩ জুলাইয়ের মধ্যে যোগ দিতে পারেন, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: