বৈরী আবহাওয়ায়
ঢাকায় ফ্লাইট শিডিউল বিপর্যয়, সিলেটে জরুরি অবতরণ
রাজধানী ঢাকার বৈরী আবহাওয়া ও চরম কম দৃশ্যমানতার (লো ভিজিবিলিটি) কারণে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে সিলেটে জরুরি অবতরণ করতে হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সিলেট ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেও ঢাকার আকাশে বিরূপ আবহাওয়া ও ঘন মেঘের কারণে অবতরণ করা অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটিকে সিলেটে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন পাইলট।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি বিকল্প হিসেবে আমাদের এখানে অবতরণ করে। সকাল ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে এটি নিরাপদে রানওয়ে স্পর্শ করে। পরবর্তীতে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলেই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।"
এদিকে ঢাকার একই আবহাওয়া সংকটের কারণে চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের অপর একটি আন্তর্জাতিক ফ্লাইটকে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার ভোর থেকেই ঢাকার আকাশে টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে অন্তত অর্ধশতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ওঠানামা করছে বিমানগুলো।
এর মধ্যে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস ও ফ্লাইদুবাই, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলার জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর দিতে বাধ্য হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেগুলো একে একে অবতরণ করে।
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: