সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি আটক

সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১১/০৭/২০২৬ ১৫:৫০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং উত্তর মহল্লায় ফারজানা আক্তার শিমু (২১) নামে তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবার পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রূপচেং উত্তর মহল্লার রাসেল আহমদের সঙ্গে কামরুজ্জামান সেলিম আহমদের মেয়ে শিমুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ৬ জুলাই শিমুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে মতবিরোধ তৈরি হলে শিমু বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়ে গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুনরায় শ্বশুরবাড়িতে পৌঁছে দেন।

শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য অনুযায়ী, আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শিমু নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিক তদন্তে দীর্ঘদিনের পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম বাবু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad