সিলেটে বন্যা পরিস্থিতির মধ্যেও রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করার গুঞ্জন ও আলোচনা থাকলেও পরীক্ষা আপাতত স্থগিত হচ্ছে না। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী যথাসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পরীক্ষার পর্যবেক্ষক দলের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসকরা আশ্বস্ত করেছেন যে, সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই আপাতত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই অনুযায়ী আজ শনিবার নির্ধারিত সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলো এখনো ভালো অবস্থায় রয়েছে। তাই আমরা পরীক্ষা স্থগিত করছি না। তবে সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হলে তখন প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত আসতে পারে। আপাতত পরীক্ষা যথানিয়মে চলবে।”
বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের আওতাধীন চার জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করেছে। এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন জানান, শনিবার নির্ধারিত সময়ে সিলেট শিক্ষা বোর্ডের সকল কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে এবং সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে কেন্দ্রগুলো এখনো বন্যামুক্ত থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
আর আর
মন্তব্য করুন: