প্রভাবশালীদের দখল থেকে কৃষকের জমি উদ্ধার দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন
সিলেটের কোম্পানীগঞ্জে প্রভাবশালী ব্যক্তিদের দখল থেকে কৃষিজমি উদ্ধার এবং কৃষকদের চাষাবাদের উপযোগী পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা শহীদ মিনার চত্বরে শত শত ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিখাল গ্রামের কৃষক মো. ইমন মিয়া। তিনি জানান, কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের অন্তর্গত লোভা হাওর ও পিঁপড়াখাল হাওর এলাকাসহ কয়েকশো একর জমি গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে।
ইমন মিয়া অভিযোগ করেন, লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিমসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক এসব জমি দখলে রেখে নানা অবৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত নিয়েছে। তিনি বলেন, “আমাদের উপজেলায় কৃষিযোগ্য জমি খুবই সীমিত। পাথর কোয়ারি বন্ধ থাকায় আমরা কৃষকেরা বেকার হয়ে পড়েছি। দখল হওয়া জমি উদ্ধার করে কৃষিকাজের সুযোগ সৃষ্টি হলে এলাকার বেকারত্ব অনেকটাই কমে যাবে।”
তিনি আরও বলেন, গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের প্রভাবশালী মহলের দখলে থাকা জমির অবৈধ বন্দোবস্ত বাতিল করে কোম্পানীগঞ্জবাসীর জন্য কৃষিকাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমির আলী, শফিক মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, মজনু, গোলাম কবীর, ফকির আলী, আল-আমিন, বিল্লাল প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: