ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ :গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। কাউন্সিলে সারাদেশ থেকে আসা কাউন্সিলরদের সরাসরি ও গোপন ভোটে সংগঠনটির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হবে।
কাউন্সিল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সারাদেশ থেকে আসা তিন শতাধিক কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন।
ছাত্রশক্তি সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় এই ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে একই স্থানে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের রাজনৈতিক পর্ষদের সদস্য এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
কাউন্সিল উপলক্ষে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা বের করা হবে। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে ব্যান্ড আর্ক হাসান, র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
প্রথম কাউন্সিলকে ঘিরে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও আশপাশের এলাকায় ছাত্রশক্তির নেতাকর্মীদের উপস্থিতি থাকবে। পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন কর্মসূচিও অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: