দুদকের গণশুনানিতে অভিযোগ উঠতেই ওসমানী মেডিকেলের লাইব্রেরিয়ানকে বরখাস্তের নির্দেশ
সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে সরকারি চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান শেখর দাসকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। রোববার দুপুরে নগরের রিকাবীবাজারের কবি নজরুল মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানিতে এ ঘটনা ঘটে।
গণশুনানিতে অভিযোগকারী বিশ্বজিৎ দাস জানান, লাইব্রেরিয়ান শেখর দাস চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু চাকরি না দিয়ে অর্থও ফেরত দেননি। অভিযোগ শোনার পরপরই দুদক চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শেখর দাসকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া গণশুনানিতে মোট ৭৩টি অভিযোগের শুনানি হয়। বিভিন্ন সরকারি দপ্তরের অভিযুক্ত কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুর্নীতিও আছে। আমরা সেবাগ্রহীতাদের অভিযোগ নিয়মিত রেইডের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলোর সেবা নিয়ে জনগণের ব্যাপক অভিযোগ আছে, যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “সাদাপাথর সেখানে ছিল না, পরে এসেছে—এটা সত্য। কারা জড়িত, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। আমার প্রশ্ন—এদের কি আপনারা সংসদে চান?”
গণশুনানিতে পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া পাসপোর্ট না পাওয়া, হাসপাতালের ১৫ টাকার টিকিট ২০ টাকা নেওয়া, গ্যাস সংযোগে অনিয়মসহ একাধিক অভিযোগ ওঠে। প্রতিটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ রহমান
মন্তব্য করুন: