আমরা আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ : অধ্যাপক এ বি এম সিরাজুল মামুন
সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসানকে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে জকিগঞ্জ খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৩ নভেম্বর) পৌরসভার ডাকবাংলো প্রাঙ্গণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিস নেতা শাহজাহান মোহাম্মদ সেলিম ও মাওলানা আবুল কালাম আজাদের যৌথ উপস্থাপনায় এবং খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম সিরাজুল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এবিএম সিরাজুল মামুন বলেন, “আমরা জনগণের সেবা, ন্যায় ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। সমাজে নৈতিকতার পুনর্জাগরণ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গঠনে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। জকিগঞ্জের কর্মীরা যে ঐক্য ও উদ্দীপনা দেখিয়েছেন, তা ভবিষ্যতের জন্য প্রেরণাদায়ক।”
বিশাল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি মাওলানা দিলওয়ার হোসাইন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, যুব মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আলাউদ্দিন তাপাদার ও মাওলানা আব্দুল হামিদ জালাল প্রমুখ। উপস্থিত জনসমুদ্র লক্ষ্য করে এসময় দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক এ বি এম সিরাজুল মামুন বলেন, "আজ আমি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল হাসানের নাম ঘোষণা করছি। আপনারা তাঁর পেছনে থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেওয়াল ঘড়ির বিজয় নিশ্চিত করুন।"
অনুষ্ঠানের প্রধান বক্তা ও সিলেট-৫ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল হাসান ইসলামী সংগঠনগুলোর ঐক্যের উপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা যদি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সহজ হবে। ইসলামী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টাই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।”
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বিরের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের কাজ সমাপ্ত হয়। সম্মেলন শেষে দেওয়াল ঘড়ির সমর্থনে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
এ রহমান
মন্তব্য করুন: