সিলেটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শুক্রবার বিকেলে সিলেট সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, সেনা, নৌ ও বিমানবাহিনী কর্মকর্তা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা মিলিত হয়ে দিনটিকে পরিণত করেন এক মিলনমেলায়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। ছিল সমরাস্ত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কেক কাটাসহ নানা আয়োজন। বিশেষ করে কমান্ডো সদস্যদের দৃষ্টিনন্দন দৈহিক কলাকৌশল অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ. স. ম. রিদওয়ানুর রহমান মুক্তিযুদ্ধে জেনারেল এম এ জি ওসমানীসহ সিলেটবাসীর ত্যাগ, সাহস ও বীরত্বপূর্ণ অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আজ সক্ষম, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি বাহিনী। জাতীয় সংকটময় সময়ে সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। বিশেষ করে ২০২৪ সালের অস্থিতিশীল পরিস্থিতিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। শহীদ ও আহতদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনী সবধরনের সহযোগিতা করছে। ২০২৬ সালের একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনেও আমরা প্রস্তুত রয়েছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী বীরপ্রতীক। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ সামরিক–বেসামরিক কর্মকর্তারা।
এ রহমান
মন্তব্য করুন: