শ্রীমঙ্গলে চা বাগান থেকে বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূড়ভুড়িয়া চা বাগানে চা পাতা তোলার সময় একটি বিষধর খৈয়া গোখরা (spectacled cobra) সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চা শ্রমিকরা পাতা তোলার সময় হঠাৎ সাপটি দেখতে পান। সাপটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
পরবর্তীতে বিষয়টি ভুড়ভুড়িয়া চা বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা সাপটিকে শনাক্ত করে জানান যে এটি অত্যন্ত বিষধর একটি খৈয়া গোখরা।
পরে তারা নিরাপদে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: