সিলেটে তর্কাতর্কির জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত
সিলেটের শাহপরান থানার পীরেরবাজার এলাকার মোকামেরগুরে তর্কাতর্কির জেরে ইটের আঘাতে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
বুধবার সন্ধ্যায় তর্কাতর্কির একপর্যায়ে ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান। পরে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত সুমন আহমদও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন সুমন। এ সময় আব্দুর রহমান তাকে বাধা দিলে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে। উত্তেজিত হয়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।
তিনি আরও জানান, আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে আব্দুর রহমান মারা গেলেও সুমন পালিয়ে যায়। এখনও কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: