দক্ষিণ সুরমার ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে ছাই
সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার রায়েরগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের আরও দুই বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকায় রাস্তা সংস্কার কাজ চলমান থাকায় বড় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি। পরে ছোট ইউনিট একটি পাশের পুকুরের পানি ব্যবহার করে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি। তবে কীভাবে আগুন লাগল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লাউয়াই এলাকার বাসিন্দা ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আব্দুল্লাহ শিহাব জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো এলাকা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছালেও রাস্তার সমস্যা বড় বাধা হয়ে দাঁড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট-৩ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ রহমান
মন্তব্য করুন: