স্তব্ধ পরিবার, শোকের ছায়া ক্যাম্পাসে
সিলেটে ঘর থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিলেট শহরের করেরপাড়া এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মেডিকেল শিক্ষার্থী প্রিয়া শর্মা (২২)-এর মরদেহ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা সামনে আসে। প্রিয়া জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন—যার স্বপ্ন ছিল একদিন সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে মানুষের সেবা করার।
স্বজনেরা জানান, সকালে অনেকক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের। পরে ঘরে ঢুকে তারা দেখতে পান—সিলিং ফ্যান থেকে ঝুলছে প্রিয়ার নিথর দেহ। মুহূর্তেই কান্নার ঢল নেমে আসে পুরো বাসায়। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান—প্রিয়া আর নেই।
জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।” তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত অবস্থা নিশ্চিত করা যাবে।
হঠাৎ এভাবে প্রাণবন্ত এক তরুণীর চলে যাওয়া স্তব্ধ করে দিয়েছে পরিবার, বন্ধুবান্ধব ও পুরো মেডিকেল কলেজকে। প্রিয়া কেন এমন পথ বেছে নিল—তা নিয়ে পরিবারসহ সবার মনে এখন শুধু একটাই প্রশ্ন।
এ রহমান
মন্তব্য করুন: