পুলিশের নজরদারি বাড়ছে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশালমিছিল
সিলেটে তিন দিনের ব্যবধানে আবারও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত শুক্রবার ঝটিকা মিছিলের পর সোমবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় অনুষ্ঠিত হয় মশালমিছিল। মিছিলে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এই মশালমিছিল অনুষ্ঠিত হয়। ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের বেশির ভাগের হাতে মশাল ছিল এবং তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মানি না মানবো না অবৈধ সরকার’, ‘রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে’।
মিছিলে ব্যবহৃত ব্যানারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম দেখা যায়। ব্যানারে লেখা ছিল— ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ এবং ‘ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না, মানবো না’।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ফোন ধরেননি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি তারা পর্যবেক্ষণ করেছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সিলেটজুড়ে এ নিয়ে আলোচনা চলছে।
এ রহমান
মন্তব্য করুন: