সিলেট-৬: আসনে প্রার্থীতা ঘোষণায় বিএনপিতে অস্বস্তি
Led Bottom Ad

সিলেট-৬: আসনে প্রার্থীতা ঘোষণায় বিএনপিতে অস্বস্তি

তাহির আহমদ

১১/১১/২০২৫ ০৩:২১:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা ও তৃণমূল পর্যায়ে অস্বস্তির সুর। দলীয় মনোনয়নে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী মনোনয়ন পাওয়ার পর থেকেই বিয়ানীবাজার উপজেলা বিএনপির একটি বড় অংশ প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছে। তাদের স্পষ্ট বক্তব্য—২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করা ফয়সল আহমদ চৌধুরীকেই পুনরায় মনোনয়ন দেওয়া উচিত।


এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, “২০১৮ সালে মামলা-হামলা, ভয়ভীতির মধ্যেও ফয়সল চৌধুরী এক মুহূর্তের জন্য মাঠ ছাড়েননি। সাহসিকতার সঙ্গে প্রচারণা চালিয়ে ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছিলেন। এমন জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে তৃণমূল হতাশ।” তিনি আরও যোগ করেন, “আমরা মনোনয়ন চাই না, আমরা চাই কেন্দ্র একটি ন্যায্য রিভিউ করুক—দেখুক মাঠে কে সত্যিই জনগণের প্রার্থী।”


বিয়ানীবাজার পৌর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম বলেন,“আমরা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তৃণমূলের প্রত্যাশা অবহেলা করা ঠিক নয়। মাঠের পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেবেন—এটাই আশা।”


তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন,“ফয়সল চৌধুরী থাকলে এ আসন জয় আমাদের নাগালের মধ্যেই ছিল। জনগণের ভালোবাসা তার প্রতি এখনো অটুট।”


স্থানীয়রা বলছেন, ২০১৮ সালের “রাতের ভোট”-এর প্রতিকূল পরিস্থিতিতেও ফয়সল চৌধুরী মাঠে ছিলেন, জেল-রাজপথে কর্মীদের পাশে ছিলেন।

তাঁর ভোটের সংখ্যা সারা দেশে বিএনপির জন্য একটি শক্ত বার্তা ছিল।


স্থানীয় নেতারা দাবি করেছেন, এখনো সময় আছে—কেন্দ্র যদি মাঠের বাস্তবতা যাচাই করে, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাদের আশা, চূড়ান্ত তালিকায় ফয়সল আহমদ চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করলে ধানের শীষের বিজয় সহজ হবে।


বিয়ানীবাজারের একাধিক ভোটারের সাথে কথা হলে, তার বলেন, ফয়সল আহমদ চৌধুরী শুধু একজন প্রার্থী নন—তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের তৃণমূল বিএনপি কর্মীদের ‘মননের প্রার্থী’। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃত্ব সেই মনের ডাক কতটা শুনবে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad