হৃদয়ের অপেক্ষা: সিলেট-৪ আসনে জামানের প্রতিধ্বনি
সিলেটের সীমান্ত ঘেঁষা তিন উপজেলায় এই মুহূর্তে বাতাসও যেন একটা নাম উচ্চারণ করছে—সামসুজ্জামান জামান। বিএনপি সিলেটের বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে, অথচ সিলেট-৪ এখনো শূন্য। আর সেই শূন্যতার ভিতরেই জমে উঠেছে আলোচনার ঢেউ—কবে ঘোষিত হবে সেই নাম, যাকে তৃণমূল বিশ্বাস করে, যাকে আন্দোলনের দিনে রক্ত দিতেও দেখা গেছে?
২০১৮ সালে দলীয় সিদ্ধান্তে পথ ছেড়ে দিয়েছিলেন তিনি। দলের স্বার্থে ব্যক্তিগত স্বপ্ন গুছিয়ে রেখেছিলেন বুকের ভাঁজে। আর জুলাইয়ের উত্তাল দিনে, রাজপথে প্রাণ বিপন্ন করে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে—গুলির শব্দের মাঝে, আতঙ্কের ভিড়ে, এক দৃঢ় বুক। তার সেই রক্তের দাগ আজো শুকায়নি ভোটারদের স্মৃতিতে।
জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ—প্রতিটি গ্রাম, প্রতিটি হাট, প্রতিটি মানুষের ভাষায় একটাই সুর—“এই আসনের প্রাপ্য তিনি।” যে মানুষ আগুনের সামনে থেকেও পিছিয়ে যায়নি, যে নেতা সড়ক-সংগ্রাম আর আদালত—দুই জায়গাতেই লড়েছেন, তাকে ঘিরেই এখন প্রত্যাশার আলো। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। ঘোষণা এখনো আসছে না। আর অপেক্ষার প্রহর দীর্ঘ হলে যেমন মন কাঁদে, তেমনি সিলেট-৪ এর জনমানুষও হয়তো ভাবছে—স্বপ্নটা কি আবারো পিছিয়ে যাবে?
জোটের রাজনীতি, সমীকরণের হিসাব, কৌশলের চাকা ঘুরছে কেন্দ্রের অলিন্দে। কিন্তু সীমান্তের এই জনপদে মানুষ শুধু একটা জবাব চায়—তাদের বিশ্বাসের মানুষ কি আবারো পাশে হাঁটবে নির্বাচনী মাঠে? এ যেন শুধু রাজনীতি নয়—একজন নেতার প্রতি মানুষের ভালোবাসা আর সম্মানের গল্প। একটা আশা—যে ত্যাগ আর রক্ত কখনো অবমূল্যায়িত হয় না।
সিলেট-৪ এর আকাশে তাই আজও ঝুলে আছে প্রশ্ন—অপেক্ষার এই আলো কি শিগগিরই স্বপ্নে রূপ নেবে, নাকি আবারো প্রহর গুনবে হৃদয়গুলো?
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: