মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ইমা আক্তার

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ইমা আক্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১০/০৯/২০২৬ ১৯:২২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিশুকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগে মৌলভীবাজারে ইমা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পক্ষে তার মা সুমেনা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭(১) ধারায় এ মামলা করেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুনানি শেষে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কুলাউড়া থানাকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, এর আগে ইমা আক্তার বাদী হয়ে সায়েম মিয়া নামের এক শিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলায় সায়েমকে গাজীপুরের সেফ কাস্টডিতেও পাঠানো হয়। পরবর্তীতে ঘটনার তদন্তকালে কোনো সত্যতা ও বিশ্বাসযোগ্য প্রমাণ না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সায়েমকে অব্যাহতির সুপারিশ করেন। একই সঙ্গে মিথ্যা মামলা করায় ইমা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতামত দেন। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে সায়েমকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মূল মামলাটি নিষ্পত্তি করেন।

মিথ্যা মামলায় জড়িয়ে নাবালক সন্তান ও পরিবারকে সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার করায় সায়েমের মা সুমেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত ইমা আক্তারের বিরুদ্ধে এ পাল্টা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম. সাইফুর রহমান বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রবণতা কমাতে এ ধরনের আইনি পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আসলাম বলেন, তার ২২ বছরের চাকরিজীবনে এই ট্রাইব্যুনালে মিথ্যা মামলার অভিযোগে ১৭ ধারায় মামলা দায়েরের ঘটনা এটিই প্রথম।


মীর্জা ইকবাল/ আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad