সাব-কবলা দলিলকে হেবা ঘোষণা! ছাতক সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের হানা
সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে সাব-কবলা দলিলকে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এ ধরনের অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
দুদক জানায়, ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল সংশ্লিষ্ট অফিসে অভিযান চালায়।
অভিযানকালে পরিদর্শন ও অনুসন্ধানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এ ধরনের অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগও উঠে এসেছে।
দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের বিস্তারিত পর্যালোচনা করা হবে।
তিনি জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: