সেনা-পুলিশের যৌথ অভিযান
গোয়াইনঘাটে আল আমিন হত্যা মামলার চার আসামি গ্রেফতার
সিলেটের গোয়াইনঘাটে সেনা ও পুলিশের যৌথ অভিযানে আলোচিত মোহাম্মদ আলী ওরফে আল আমিন হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
ওসি জানান, আহারকান্দি গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মোহাম্মদ আলী ওরফে আল আমিন (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আরও জানান, আহারকান্দি বাজার সংলগ্ন দোকানের পেছনের জমি নিয়ে মোস্তফা মিয়া ও নুর হোসেনের পরিবারের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে দুইজনকে আটক করে। পরে সেনাবাহিনীর সহায়তায় বৃহস্পতিবার রাতে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, “গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ধারালো দা, লাঠি ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ রহমান
মন্তব্য করুন: