বিশ্বনাথে ইয়াবাসহ আটক দুই যুবক : তিন মাসের কারাদণ্ড
সিলেটের বিশ্বনাথে ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিয়ারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের সফাত উল্লাহর ছেলে আবদুল কাদির (৩০) এবং একই গ্রামের আবদুল জলিলের ছেলে সামিনুর রহমান (২২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম। সেবনের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মিয়ারবাজার এলাকায় স্থানীয় তরুণ সমাজ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দুজনকে চার পিস ইয়াবাসহ আটক করে রাখে। এ ঘটনার ফেসবুক লাইভ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাজারে জড়ো হয়ে মাদক বহনকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই যুবককে দণ্ড দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম বলেন, ইয়াবা ট্যাবলেট পাওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: