হামে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
Led Bottom Ad

হামে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

প্রথম ডেস্ক

০৯/০৫/২০২৬ ১৮:২৭:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশে হামে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার (৯ মে) সিলেট জেলা সংসদের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন ফকির।


সমাবেশে বক্তারা চলমান হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণা, দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন, টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তারা “৩৫০-এর অধিক শিশু মৃত্যুর জন্য দায়ী” উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-এর বিচারের দাবি তোলেন।


সমাবেশে বক্তব্য দেন শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।


বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন, “হামে সাড়ে তিনশোর অধিক শিশুর মৃত্যু কোনো বিচ্ছিন্ন বা অস্বাভাবিক ঘটনা নয়; এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্তের মাধ্যমে ইউনূস সরকার শত শত শিশুমৃত্যুর পথ তৈরি করেছে।”


সভাপতির বক্তব্যে মাশরুখ জলিল বলেন, “একটি শিশুর জন্মকে কেন্দ্র করে একটি পরিবারের স্বপ্ন গড়ে ওঠে। কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম ও সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত না করলে উত্তরণের পথ খোলা থাকবে না। একইসঙ্গে দোষীদের বিচার করে চিকিৎসা খাত সম্পূর্ণরূপে সরকারিকরণের আওতায় আনতে হবে।”


সমাবেশ থেকে হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণা করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad