জকিগঞ্জে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়
সুদীর্ঘ ৩৫ বছরের দ্বীনি খেদমতের অবসান ঘটিয়ে এক আবেগঘন ও রাজকীয় পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর পূর্ব দক্ষিণ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক। শুক্রবার (৮ মে) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা দেন এলাকাবাসী।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো এই প্রিয় ইমামকে বিদায় জানাতে এসে গ্রামের প্রবীণ থেকে শিশু—সব স্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ইমামতিই করেননি, বরং সমাজের একজন অভিভাবক ও নৈতিক শিক্ষাগুরু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মাওলানা আব্দুল মালেক বলেন, “আমি চলে গেলেও আমার মন আপনাদের কাছেই পড়ে থাকবে; আপনারা সন্তানদের শিক্ষা কখনো বন্ধ করবেন না এবং মক্তবগুলোকে আবার প্রাণবন্ত করে তুলবেন।”
শিশুদের কোরআন শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি প্রতিটি শিশুকে নিয়মিত মক্তবে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত এলাকাবাসীসহ সকল স্তরের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় এবং এলাকাবাসী তাঁর এই ত্যাগ ও অবদানকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখার অঙ্গীকার করেন।
মোর্শেদ লস্কর/ এ রহমান
মন্তব্য করুন: