পরিবেশ রক্ষায় কঠোর শর্তে খুলছে সিলেটের পাথর কোয়ারি
Led Bottom Ad

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

পরিবেশ রক্ষায় কঠোর শর্তে খুলছে সিলেটের পাথর কোয়ারি

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৫/২০২৬ ১৯:৩১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিবেশগত বিপর্যয়ের কারণে দীর্ঘকাল বন্ধ থাকা সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারিগুলো সীমিত আকারে পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে ‘সিলেট বিভাগের পাথর ও কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়’ শীর্ষক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী জানান, জাফলংয়ের মতো ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসিএ) বাদ দিয়ে অন্যান্য স্থানে খনিজ সম্পদ আইন ও বিধিমালা অনুসরণ করে কীভাবে পাথর উত্তোলন করা যায়, তা নির্ধারণে সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, পানিসম্পদ মন্ত্রণালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সরেজমিনে স্পট পরিদর্শন করে চলতি মাসের মধ্যেই প্রতিবেদন দাখিল করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, বিছানাকান্দি বা ভোলাগঞ্জের মতো পর্যটন স্পটগুলোর সৌন্দর্য রক্ষা এবং নদীভাঙন ও সীমান্ত পরিবর্তনের ঝুঁকি বিবেচনা করেই পাথর উত্তোলনের গভীরতা নির্ধারণ করা হবে। এ ছাড়া কোয়ারি সংক্রান্ত উচ্চ আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর ওপর জনআস্থা ফিরে আসায় মাঠপর্যায় থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অপরাধী যে দলেরই হোক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, দীর্ঘদিন পাথর উত্তোলন বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিলেন এবং পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সরকারের এই নতুন সিদ্ধান্তে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতির অচলাবস্থা কাটবে বলে আশা করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad