নির্বাচনী প্রচারণার প্রথম দিন মৌলভীবাজারে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
Led Bottom Ad

উৎসবের আমেজ, প্রস্তুত নেতাকর্মীরা

নির্বাচনী প্রচারণার প্রথম দিন মৌলভীবাজারে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০১/২০২৬ ১২:০৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই সিলেট বিভাগের একাধিক জেলায় জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন তিনি। এ উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সিলেটে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকার আইনপুর মাঠে আয়োজিত এ জনসভায় জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

জনসভাকে ঘিরে ইতোমধ্যে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অংশগ্রহণে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জনসভাস্থল পরিদর্শনসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। জনসভা সফল করতে জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে।”

দলীয় কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। এরপর তিনি সিলেট বিভাগের সিলেট আলিয়া মাদরাসা মাঠ, মৌলভীবাজারের আইনপুর মাঠ এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক জনসভায় বক্তব্য দেবেন।

বিএনপি নেতারা আশা করছেন, এসব জনসভা সিলেট বিভাগে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad