গোয়াইনঘাটে মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় চক্রের হাত থেকে এক তরুণীসহ দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার (৬ জুলাই) দুপুরে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৭ জুলাই) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিংগাজীয়া দক্ষিণ পাড়ার আখলিসের ছেলে মো. রুয়েল আহমদ (২২) এবং গোয়াইনঘাটের নলজুরি গ্রামের নাসিম উদ্দিন ভূট্টোর স্ত্রী তাহমিনা আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম পূর্ব জাফলংয়ের নলজুরি বাজারে অভিযান চালায়। সেখানে মামলার অন্যতম আসামি নাসিম উদ্দিন ভূট্টোর বসতঘর থেকে জিম্মি অবস্থায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁওয়ের সুমাইয়া আক্তার (১৮) ও কাপনা গ্রামের আয়াত উল্লাহকে (১৯) উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রুয়েল ও তাহমিনাকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় সুমাইয়া আক্তারের স্বামী মো. স্বপন মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অথৈ
মন্তব্য করুন: