হবিগঞ্জে খোয়াই নদীর সেতুর বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

হবিগঞ্জে খোয়াই নদীর সেতুর বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০৭/২০২৬ ১৯:৫২:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার-বাসুল্লা-রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু ও মাটিবাহী ভারী ট্রাক-ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে সেতু ও সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ নদীর পূর্বাঞ্চলের হাজারো মানুষ।


স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সেতু। কিন্তু নির্মাণের পর থেকেই অবৈধ বালু উত্তোলন এবং অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের কারণে সেতুটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে সেতুর এপ্রোচ (সেতু ও সড়কের সংযোগস্থল) বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


সরেজমিনে দেখা যায়, সেতুর পাশেই অবস্থিত রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের প্রতিদিনই বালুবাহী যানবাহনের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতোমধ্যে একাধিক ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে।


এ বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং সড়কের পাশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বড় বড় বালুর ডিপো, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।


এলাকাবাসীর দাবি, খোয়াই নদীর সেতু রক্ষায় দ্রুত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি সেতুর এপ্রোচ সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, "অচিরেই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


অথৈ

মন্তব্য করুন: