সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন
সুনামগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা কমিটির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের তেঘরিয়াস্থ মরমি কবি হাছন রাজার বাড়িতে নবগঠিত জেলা কমিটির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাছন রাজার উত্তরসূরি দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবি পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান এবং সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, ‘গত ৫ আগস্টের পর আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সেই আশা আজ গুঁড়েবালি। দেশে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।’
জুলাই বিপ্লবের ক্ষয়ক্ষতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন, আড়াই হাজার মানুষ আহত হয়েছেন এবং ৬০০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবুও মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। এবি পার্টি কল্যাণ ও সমস্যা সমাধানের রাজনীতি করে। এবি পার্টির হাত ধরেই আগামীতে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে দেশ মুক্তি পাবে।’
প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন, ‘এবি পার্টির প্রথম স্লোগান ছিল “সবার আগে বাংলাদেশ”, যা পরবর্তীতে অন্য একটি দল ছিনিয়ে নিয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেলেও জনগণের আশা পূরণ হয়নি। এখনো রাষ্ট্র সংস্কার নিয়ে কোনো কার্যকর আলোচনা নেই।’
নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘অযোগ্য নেতৃত্ব দিয়ে দেশ চলে না। যেমন ছাগল দিয়ে হালচাষ করা সম্ভব নয়, তেমনি অযোগ্যদের হাতে দেশ পরিচালিত হতে পারে না। দেশকে সঠিক দিশায় নিতে মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের মতো যোগ্য নেতৃত্বের প্রয়োজন।’
সম্মেলনে জেলা কমিটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌরসভা এবং জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: