তাহিরপুর আমদানিকারক গ্রুপের নবনির্বাচিত সভাপতিকে এমপি কামরুলের শুভেচ্ছা
সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির নবনির্বাচিত সভাপতি খসরুল আলমকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও তাঁর সহধর্মিণী। শুক্রবার সিলেটে খসরুল আলমের নিজ বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা ফুলের তোড়া দিয়ে তাঁকে এই অভিনন্দন জানান। এ সময় সংগঠনের আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় খসরুল আলমকে উষ্ণ শুভকামনা জানান তাঁরা।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল নবনির্বাচিত সভাপতির প্রতি গভীর আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তাহিরপুরের সীমান্ত বাণিজ্য ও আমদানি-রপ্তানি খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় খসরুল আলমের দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর হাত ধরে স্থানীয় অর্থনীতি আরও বেগবান হবে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে—এমনটাই আমাদের প্রত্যাশা।
জবাবে নবনির্বাচিত সভাপতি খসরুল আলম সংসদ সদস্য ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় তাহিরপুরের আমদানি বাণিজ্যকে একটি আধুনিক, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পর্যায়ে নিয়ে যেতে চাই।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি খসরুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ছবি ও পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন।
শামসুল আলম আখঞ্জী/নীরব চাকলাদার
মন্তব্য করুন: