দিরাইয়ে এক দিনে দুই বৃত্তি পরীক্ষা, উৎসবমুখর শিক্ষাঙ্গন
সুনামগঞ্জের দিরাইয়ে একই দিনে অনুষ্ঠিত হলো দুটি পৃথক বৃত্তি পরীক্ষা, যা পুরো দিরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করেছে। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের সরব উপস্থিতিতে পুরো শিক্ষাঙ্গন যেন এক মিলনমেলায় পরিণত হয়।
শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এসব পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ১ হাজার ৩৪৭ জন শিক্ষার্থী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় লোকনাথ-সরলা-কুমুদ-রেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনটির চেয়ারম্যান বাবু নারায়ণ দাসের তত্ত্বাবধানে আয়োজিত এই পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
অন্যদিকে, একই দিন দুপুর ২টায় দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় 'মোছাঃ কুলসুম বিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬'। লন্ডনপ্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী রাশিকুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী মুখগুলোকে উৎসাহিত করার উদ্দেশ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তা রাশিকুল ইসলাম। ভবিষ্যতে প্রতিবছরই এই পরীক্ষা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরীক্ষা চলাকালে পুরো কেন্দ্র পরিদর্শন করেন গ্রামীণ জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ভোক্তা অধিকারের চেয়ারম্যান জামিল চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, জাসদ নেতা আমিনুল ইসলাম (আমিন), বকুল বণিক, আব্দুল আলীম সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দিরাইয়ের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
শিক্ষাবিদ ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের প্রগতিশীল বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি পড়াশোনায় গভীর আগ্রহ সৃষ্টি এবং একটি সুস্থ প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: