সিলেটে অবতরণ করল তারেক রহমানকে বহনকারী ফ্লাইট, ঢাকায় পৌঁছাবেন দুপুরে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী সিলেটে অবতরণ করেছে। এখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রাবিরতি শেষে বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। তিনি বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে দেশে ফিরছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করছিলেন।
তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: