হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজিচালকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল এলাকা থেকে নিখোঁজ হওয়া তুহিন মিয়া (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার ফুলতলী এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর (ইছবপুর) গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার পর অটোরিকশাসহ হঠাৎ নিখোঁজ হন তুহিন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকাল ১০টার দিকে নবীগঞ্জের ফুলতলী এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনেরা গিয়ে লাশটি তুহিনের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবারের দাবি, তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন প্রথম সিলেটকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফয়সল চৌধুরী/ পূজা বাড়াইক
মন্তব্য করুন: