দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশের পাশে উপজেলা প্রশাসন
সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশ (মহল্লাদার) সুসেন দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার চেক, প্রয়োজনীয় শুকনা খাবার ও কাপড় (শাড়ি) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।
সহায়তা প্রদানকালে ইউএনও সঞ্জীব সরকার বলেন, “গ্রাম পুলিশ সুসেন দাস অত্যন্ত দরিদ্র। অগ্নিকাণ্ডে তাঁর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এমন বিপদের দিনে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।”
তিনি আরও জানান, এর আগে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একইভাবে সহায়তা দেওয়া হয়েছিল। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামে গ্রাম পুলিশ সুসেন দাসের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর বসতঘর ও ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: