হবিগঞ্জের লাখাইয়ে অবৈধ পশুচিকিৎসার দায়ে ফার্মেসিকে জরিমানা
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে ভেটেরিনারি কাউন্সিল আইন লঙ্ঘন করে অবৈধভাবে গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করার অপরাধে ‘মেসার্স হারুন ফার্মেসি’কে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন ও খামারি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেসার্স হারুন ফার্মেসির স্বত্বাধিকারী শাহরিয়ার মো. জাবেল কোনো ধরনের বৈধ ভেটেরিনারি ডিগ্রি কিংবা ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন ছাড়াই স্থানীয় খামারিদের গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসায় মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আসছিলেন। এ নিয়ে খামারিদের দীর্ঘদিনের ক্ষোভ ও সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে একদিকে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের ঝুঁকি তৈরি হচ্ছিল, অন্যদিকে মানবদেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের (এএমআর) মতো মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছিল।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফার্মেসির মালিক শাহরিয়ার মো. জাবেলকে চার হাজার টাকা জরিমানা করেন এবং তাকে কঠোরভাবে সতর্ক করে দেন। ভবিষ্যতে কোনো অবস্থাতেই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, বিতরণ বা গবাদি পশুর চিকিৎসায় তা প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: